নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সজীব সিদ্ধিরগঞ্জ থানার নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সজীব ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একদল অজ্ঞাত দুর্বৃত্ত অতর্কিতে তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
.png)
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।