দিনাজপুরের নশিপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সার গোডাউন থেকে অনুমোদন ছাড়াই প্রায় ২২৭ মেট্রিক টন সার বিক্রির অভিযোগে মো. আকতারুল ইসলাম (৩৫) নামের এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

.png)
পুলিশ সূত্রে জানা গেছে, নশিপুরের ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামের সরকারি গোডাউন দুটি থেকে কর্তৃপক্ষের তোয়াক্কা না করেই গত জুলাই ও আগস্ট মাসে বিপুল পরিমাণ সার অবৈধভাবে বিক্রি করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্টোরকিপার আকতারুল ২২৭ মেট্রিক টন সার বিক্রির সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় বীরগঞ্জ ও কাহারোল উপজেলার বিএডিসির দুজন চুক্তিভুক্ত সার ডিলারের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য মিলেছে।
দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, এ ঘটনায় অভিযুক্ত স্টোরকিপারকে আটক করা হয়েছে এবং বিএডিসি কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য চক্রকেও চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।