ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শব্দদূষণের ‘শাস্তি’, কিশোরের জরিমানা, মোটরসাইকেল জব্দ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ২৫ আগস্ট ২০২৬
শব্দদূষণের ‘শাস্তি’, কিশোরের জরিমানা, মোটরসাইকেল জব্দ
ডেইলি বাংলাদেশ

নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ তৈরির মাধ্যমে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপরাধে সাকলাইন মোস্তাক (রাতুল) নামের এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেট এলাকা থেকে ট্রাফিক পুলিশ মোটরসাইকেলসহ তাঁকে আটক করে।

Advertisement

আটক রাতুল বগুড়া জেলার আদমদীঘি থানার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং বর্তমানে পরিবারের সঙ্গে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া থাকেন। স্থানীয়রা জানান, রাতুল তাঁর ১৫০০ সিসির সুজুকি জিক্সার মোটরসাইকেলের সাইলেন্সার বদলে বিকট শব্দ করে শহরের রাস্তায় চলাফেরা করছিলেন।

এতে পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিলে স্থানীয়রা তাঁকে হাতেনাতে ধরে ট্রাফিক পুলিশকে খবর দেন।

নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র জানান, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং আইন ভেঙে সাইলেন্সার পরিবর্তনের অপরাধে সড়ক পরিবহন আইনে ২০ হাজার টাকা জরিমানা ও মামলা দেওয়া হয়েছে।

পাশাপাশি মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং বিকট শব্দ তৈরি করা সাইলেন্সারটি স্থায়ীভাবে খুলে বাজেয়াপ্ত করা হবে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!