ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোড়েলগঞ্জের খালে কয়লা ধুতে গিয়ে শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া

মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ২৬ আগস্ট ২০২৬
মোড়েলগঞ্জের খালে কয়লা ধুতে গিয়ে শ্রমিকের মৃত্যু, শোকের ছায়া
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে খালে কয়লা পরিষ্কার করতে নেমে পানগুছি নদীর প্রশাখা খালে তলিয়ে যাওয়া দিনমজুর আউয়াল মাঝির (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নিখোঁজের পর রাতভর উদ্ধার অভিযান চালিয়ে পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আউয়াল মাঝি উপজেলার বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাঝির ছেলে। তাঁর সংসারে স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।

Advertisement

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ পৌর শহরের কর্মকারপট্টি এলাকার বুলু কর্মকারের কামার দোকানে দিনমজুর হিসেবে কাজ করতেন আউয়াল। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাজে যোগ দেওয়ার পর দোকানমালিক তাঁকে মধ্যাহ্নভোজের জন্য বাড়ি যেতে বলেন। তবে তিনি বাড়িতে না গিয়ে দোকানের কাজের সুবিধার্থে পাশের পানগুছি নদীর প্রশাখা খালে কয়লা ধুতে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

বিকেল ৫টার দিকে দোকানমালিক ফিরে এসে আউয়ালকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পাড়ে আউয়ালের শার্ট, লুঙ্গি ও একজোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

ঘটনার খবর পেয়ে রাত ৮টার দিকে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দেন। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশের পৃথক দল রাতভর উদ্ধার অভিযান চালায়। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলের সহায়তায় সকালে খালের তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আউয়াল মাঝির মর্মান্তিক আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!