ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে এক তরুণীকে সাহসিকতার সঙ্গে নদী থেকে জীবিত উদ্ধার করেছেন এক পুলিশ সদস্য। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে শিমরাইলকান্দি এলাকার ‘শেখ হাসিনা সেতু’তে এই ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ২৪ বছর বয়সী ওই বিবাহিত নারীকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
.png)
পুলিশ সূত্রে জানা যায়, ১ নম্বর পুলিশ ফাঁড়ির কনস্টেবল অমিত হাসানের বদলিসূত্রে বিদায় উপলক্ষে তাঁর ব্যাচমেট কনস্টেবল মো. ফয়সাল ও ইফরান মাহমুদকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে শিমরাইলকান্দি সেতু এলাকায় ঘুরতে যান। সেখানে অবস্থানকালে তাঁরা হঠাৎ দেখতে পান এক নারী সেতু থেকে তিতাস নদীতে ঝাঁপ দিয়েছেন। পরিস্থিতি টের পেয়ে কোনো দ্বিধা না করে কনস্টেবল অমিত হাসান সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং ওই নারীকে জীবিত অবস্থায় তীরে টেনে তোলেন।
ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে ওই নারী আত্মহত্যার উদ্দেশ্যে নদী ঝাঁপ দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমাদের কনস্টেবল অমিত হাসানের তাৎক্ষণিক সাহসিকতায় তাঁর প্রাণ রক্ষা পায়। হাসপাতালে চিকিৎসার পর রাত ১২টার দিকে ওই নারীকে তাঁর মা ও বোনের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।