ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪০, ২৬ আগস্ট ২০২৬
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩
সংগৃহীত ছবি

নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় একই নৌকায় থাকা আরও তিন জেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার মহিষাসুরা হাওরে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন—একই গ্রামের জয়সেন দাস (২৫), হৃদয় দাস (২২) ও দীননাথ দাস (৪৫)। তাঁরা সবাই পেশায় মৎস্যজীবী।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার ভোরেও ওই চারজন একটি নৌকায় চড়ে মহিষাসুরা হাওরে মাছ ধরতে যান। আকস্মিক বজ্রপাত হলে নৌকায় থাকা রতন দাস ঘটনাস্থলেই মারা যান এবং অন্য তিন সঙ্গী আহত হন। পরে আশপাশের লোকজন ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!