ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজের সন্তানের পাশাপাশি প্রতিবেশীর শিক্ষার খোঁজ নিন: জাহিদ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৯, ২৬ আগস্ট ২০২৬
নিজের সন্তানের পাশাপাশি প্রতিবেশীর শিক্ষার খোঁজ নিন: জাহিদ
ডেইলি বাংলাদেশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় ঐক্যবদ্ধভাবে রাজনীতি করে এবং এটি একা চলার দল নয়। সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নেওয়াই বিএনপির লক্ষ্য।

তিনি বলেন, ধনী-গরিব, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টানসহ ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনো নাগরিক বিএনপির সদস্য হতে পারবেন।

Advertisement

বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠন বাড়াতে হবে। পাড়া-মহল্লা ও গ্রামে নতুন সদস্য যুক্ত করার পাশাপাশি নেতা-কর্মীদের নিজেদের কাজ ও আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির নেতা-কর্মীদের দায়িত্ব। কোনো এলাকায় কেউ অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করতে সহযোগিতা করতে হবে। বিএনপি সরকার সবসময় মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয় বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, শিশুদের সুশিক্ষা নিশ্চিত করাকে বিএনপি গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নেতা-কর্মীদের কাজ করতে হবে। শুধু নিজের সন্তানদের পড়াশোনার খোঁজ রাখলেই হবে না, প্রতিবেশীর ছেলে-মেয়েরাও ঠিকমতো পড়াশোনা করছে কি না, সে বিষয়েও নজর দিতে হবে।

তিনি বলেন, একটি পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!