ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৭, ২৬ আগস্ট ২০২৬
ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে স্বামীর মৃত্যু
সংগৃহীত ছবি

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে স্ত্রীসহ এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে জান্নাতুল ফেরদৌস তুলি এবং তার স্বামী সেনাসদস্য সোহেল কাজী। সোহেল নড়াইলের লোহাগাড়া থানার লক্ষীপাশা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

Advertisement

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলিকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি শৈলকুপার বড়দাহ গ্রামের উদ্দেশে রওনা হন সোহেল কাজী।

পথে ঘটনাস্থলে পৌঁছালে পার্শ্ববর্তী সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় সড়কে পড়ে গেলে কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে চলে যায় মোটরসাইকেলটি।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তুলি খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত হন সেনাসদস্য সোহেল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর সিএমএইচে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!