নিখোঁজ শিশুদের মধ্যে দুজন উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার কলেজ মাঠ থেকে এবং অপরজন ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদরাসা থেকে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার। শিশুদের সন্ধান না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা।
শনিবার দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুই শিশু এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
.png)
নিখোঁজ তিন শিশু হলো উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাজিমুদ্দিন মঞ্জুর ছেলে মো. জুনায়েদ (১২), একই এলাকার মো. নাজিমুদ্দিনের ছেলে আরাফাত (১২) এবং ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে হাবিবুর রহমান (১৩)।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায় জুনায়েদ ও আরাফাত। খেলা শেষে তারা আর বাড়িতে ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
জুনায়েদ এর বাবা মো. নাজিমুদ্দিন মঞ্জু বলেন,গতকাল আমার ছেলে জুনায়েদ ও তার সহকর্মী আরাফাত বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায়। এরপর থেকে তারা আর বাসায় ফেরেনি। গতকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি।
অন্যদিকে, হাবিবুর রহমানের বাবা মো. কামাল জানান, তার ছেলে ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর মাদরাসাতুল দারুল কুরআনে পড়াশোনা করে। গতকাল রাতে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।
তিনি বলেন, মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর থেকে আমার ছেলে আর মাদ্রাসায় ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। আমরা খুবই উদ্বিগ্ন। কেউ তার সন্ধান পেলে আমাদের জানালে পরিবারের প্রতি উপকার হবে।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, শিশু নিখোঁজের বিষয়ে কোনো অভিভাবক থানায় জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
নিখোঁজ শিশুদের সন্ধান পেলে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।