ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫০-এ শুরু, ৫৯-এ স্নাতক বেলায়েতের

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩, ৩০ আগস্ট ২০২৬
৫০-এ শুরু, ৫৯-এ স্নাতক বেলায়েতের
বেলায়েত শেখ। ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চাশ বছর বয়সে যখন অনেকে অবসরের পরিকল্পনা করেন, তখন নতুন করে বই-খাতা হাতে নিয়েছিলেন গাজীপুরের বেলায়েত শেখ। ২০১৭ সালে ৫০ বছর বয়সে নবম শ্রেণিতে ভর্তি হয়ে শুরু করেছিলেন শিক্ষাজীবনের দ্বিতীয় অধ্যায়। এরপর এসএসসি, এইচএসসি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অবশেষে ৫৯ বছর বয়সে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স পাস করে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি।

দীর্ঘ শিক্ষাবিরতির পর ২০১৭ সালে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসায় নবম শ্রেণিতে ভর্তি হন বেলায়েত শেখ। দুই বছর পর ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেন তিনি।

পরে ২০২২ সালে স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা, যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হন বেলায়েত। বয়সের বড় ব্যবধান, পারিবারিক নানা দায়িত্ব এবং আর্থিক চ্যালেঞ্জ কিছুই তাকে থামাতে পারেনি। নিয়মিত ক্লাস, পড়াশোনা ও পরীক্ষায় অংশ নিয়ে শেষ পর্যন্ত অর্জন করেন অনার্সের সনদ।
বেলায়েত শেখ বলেন, ‘শিক্ষার কোনো বয়স নেই। জীবনে যত বাধাই আসুক, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব।’ বয়সের কারণে যারা পড়াশোনা থেকে দূরে আছেন, তাদের আবার শিক্ষাজীবনে ফেরার আহ্বানও জানান তিনি।

Advertisement

তার এই সাফল্যে পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেলায়েত শেখের শিক্ষাজীবনের এই যাত্রা নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে।
৫০ বছর বয়সে নবম শ্রেণির শিক্ষার্থী হিসেবে যে যাত্রা শুরু করেছিলেন বেলায়েত শেখ, ৫৯ বছর বয়সে এসে সেই যাত্রা তাকে পৌঁছে দিয়েছে অনার্সের মঞ্চে। তার এই অর্জন প্রমাণ করে বয়স নয়, শিক্ষার পথে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ইচ্ছাশক্তি ও অধ্যবসায়।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!