ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোয়ালন্দে ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ৩০ আগস্ট ২০২৬
গোয়ালন্দে ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক সংগঠন দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে লোকমান হোসেন পাড়া পর্যন্ত সড়কের দুই পাশে ১০০টি সুপারি গাছের চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা।

দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সংগঠন। সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগ ও সঞ্চিত অর্থে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। মাদকবিরোধী সচেতনতা, বৃক্ষরোপণ, রক্তদান, অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষামূলক ও ক্রীড়া কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তারা সম্পৃক্ত রয়েছেন। সম্প্রতি সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি সড়ক মেরামতের কাজও করা হয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে রোপণ করা গাছগুলো বড় হলে এলাকার সৌন্দর্য আরও বাড়বে। ভবিষ্যতে এটি আকর্ষণীয় স্থান ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। তরুণদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা এ ধরনের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির হোসেন বলেন, দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের তরুণেরা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন। তাদের এমন উদ্যোগ আমার খুব ভালো লেগেছে। গাছগুলো রোপণ করায় সড়কটির সৌন্দর্য অনেক বেড়েছে। আমি তাদের সঙ্গে কাজ করতে চাই।

সংগঠনের সাধারণ সদস্য মো. রকি বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। রক্তদান, শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে চাই। সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হবে। আমরা একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।

সংগঠনের সদস্যরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। তরুণদের সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!