ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪০, ৩১ আগস্ট ২০২৬
স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলা সদর উপজেলায় স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় মো. বশির নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্লাহ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. বশির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের আ. রশিদের ছেলে।

Advertisement

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি দিনগত রাতে যেকোনো সময় নিজ বসতঘরে স্ত্রী বিলকিসকে হত্যা করেন বশির। হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে বিলকিসের শরীরে আগুন ধরিয়ে দেন তিনি। এতে তাঁর মুখ, গলা, ঘাড়, বুক ও পাঁজরসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

ঘটনার পর নিহত বিলকিসের চাচা বাদী হয়ে ভোলা থানায় হত্যা মামলা দায়ের করেন। স্ত্রীকে হত্যার পর তাঁর মৃত্যু নিশ্চিত করে দুই সন্তান খাদিজা খাতুন ও মো. ইমরানকে বাড়িতে রেখে পালিয়ে যান বশির।

মামলার পর প্রায় ২১ বছর পলাতক থাকার পর ২০২৫ সালে আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

মামলায় রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মো. বশিরকে মৃত্যুদণ্ড দেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!