সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, সোমবার সকালে মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কারণে একটি ছোট মাছ ধরার নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবির খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ উদ্ধার অভিযান শুরু করে।
অভিযানের একপর্যায়ে নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় খাবার সরবরাহ করেন কোস্ট গার্ডের সদস্যরা। উদ্ধার অভিযানের অংশ হিসেবে ডুবে যাওয়া নৌকাটিও শনাক্ত করে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুজন হলেন ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের মো. মোতাহার গোল্দারের ছেলে মো. আলমগীর গোল্দার (৪৫) ও তার ছেলে মো. মিজানুর রহমান (১৩)। পরে নৌকাসহ বাবা-ছেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদীতে যেকোনো ধরনের জরুরি পরিস্থিতিতে মানুষের জানমাল রক্ষায় কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। নদীপথে দুর্ঘটনা বা বিপদের খবর পাওয়া গেলে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।