ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ১৫ মামলার আসামি ‘কানা জসিম’ মাদকসহ গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৫, ৩১ আগস্ট ২০২৬
চাঁদপুরে ১৫ মামলার আসামি ‘কানা জসিম’ মাদকসহ গ্রেপ্তার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাইমচরে ১৫ মামলার এজাহারনামীয় আসামি ও তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী মো. জসিম উদ্দিন ওরফে ‘কানা জসিম’কে ৫১ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাতে হাইমচর থানাধীন দক্ষিণ আলগী এলাকার হাইমচর পল্লী বিদ্যুৎ সাবস্টেশন অফিস থেকে টেককান্দি অভিমুখী সড়কের ইব্রাহিম ভূঁইয়া বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দিন (৪০) দক্ষিণ আলগী এলাকার ইব্রাহিম ভূঁইয়া বাড়ির আনোয়া হোসেনের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় এসআই গোলাম মোস্তফা, প্রিয়লাল ঘোষ, সৌরভ দাশ ও এএসআই হান্নান উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে জসিম উদ্দিনকে আটক করে দেহ তল্লাশি করা হয়। পরে তার পরিহিত লুঙ্গির পেছনের গোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাইমচর থানায় মামলা করা হয়েছে।

হাইমচর থানার ওসি শাহ আলম জানান, জসিম উদ্দিন থানার একটি মামলার এজাহারনামীয় আসামি। গত ১৯ আগস্ট দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির অভিযোগ রয়েছে। এছাড়া চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতাসহ তার বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে যথাযথ পুলিশ প্রহরায় গ্রেপ্তার জসিম উদ্দিনকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!