সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বাজারের কলকারখানা অধিদপ্তর-সংলগ্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানে পে-লোডার, এস্কেভেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন। অভিযান নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
.png)
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করে রাজউক কর্মকর্তাদের নিরাপত্তা সহায়তা দেয়।
স্থানীয়দের অভিযোগ, ‘হাজির মাজার বস্তি’ দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও কেনাবেচার অন্যতম বড় স্পট হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে সেখানে অভিযান পরিচালনা করলেও মাদক কারবার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্য, রাজউকের নিজস্ব জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোতে মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চলত। এবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে মাদকের কথিত এই স্পটটি গুঁড়িয়ে দেওয়া হলো।
রাজউক ও পুলিশ কর্মকর্তারা জানান, সরকারি জমি অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি মাদকের বিস্তার রোধেও এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উচ্ছেদ করা জায়গায় যাতে পুনরায় অবৈধ স্থাপনা বা মাদকের আস্তানা গড়ে উঠতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি রাখা হবে।
কর্মকর্তারা আরও জানান, সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং এসব স্থাপনা ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।