মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সরদারের চর শরিয়াতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।
সংগঠনটির ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যারা টেস্ট পরীক্ষায় ৭০০-এর বেশি নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হবে, তাদের দাখিল পরীক্ষার ফরম পূরণের দায়িত্ব নেবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
.png)
সিরাতুননবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেন তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মোহসেন উদ্দিন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল ইমাম মৃধা। সংগঠনের সভাপতি ড. আহসান হাবিব উপস্থিত হতে না পারায় তার পক্ষে সাধারণ সম্পাদক অনুষ্ঠানে দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি এবং ম্যানেজিং কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি ইলিয়াস হোসেন তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের উপদেষ্টা মোছলেহ উদ্দিন চুন্নু, সাংবাদিক শাহ্ জালাল সরদার, সহিদুল ইসলাম (মাস্টার) ও সাধারণ সম্পাদক আল ইমাম মৃধা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা মোসলেহ উদ্দিন চুন্নু।
বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক বা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের প্রচেষ্টাই যথেষ্ট নয়। প্রাক্তন শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাও প্রয়োজন। মাদ্রাসায় নিয়মিত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের যথাসময়ে উপস্থিতি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, শিক্ষার পরিবেশ উন্নত হলে শিক্ষার্থীদের ফলাফলও ভালো হবে। এজন্য শিক্ষক, ম্যানেজিং কমিটি, শিক্ষার্থী, অভিভাবক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে একসঙ্গে কাজ করতে হবে।
শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৭ সালের টেস্ট পরীক্ষায় কোনো শিক্ষার্থী ৭০০-এর বেশি নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হলে তার দাখিল পরীক্ষার ফরম পূরণের ব্যয় বহন করবে সংগঠনটি।
এদিকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসার বিভিন্ন সমস্যা ও দাবির কথা তার কাছে তুলে ধরেন। পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানের শেষে সিরাতুননবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, বই ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন মাদ্রাসার সভাপতি ও সংগঠনের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।