ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতা ও সমর্থক অংশ নেন।

আয়োজকদের দাবি, র‍্যালিতে প্রায় ১০ হাজার নেতা ও সমর্থকের সমাগম হয়েছে।

সকালে কালিয়াকৈর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকা থেকে ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন নেতা ও সমর্থকেরা।

Advertisement

র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মজিবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে নেতা ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন, পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!