ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৎস্য ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ, কেনাবেচা বন্ধ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৯, ৪ সেপ্টেম্বর ২০২৬
মৎস্য ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ, কেনাবেচা বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় মৎস্য আড়তদার ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে মাছ কেনাবেচা বন্ধ করে দেওয়ার হুমকির প্রতিবাদে মাছ কেনাবেচা বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ দিতে বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জোড়খাল মাছঘাটে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন মৎস্য আড়তদার ও ব্যবসায়ীরা। তাঁদের দাবি, এ ঘটনায় ঘাটের মৎস্যজীবী ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ব্যবসায়ীদের অভিযোগ, রাজাপুর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাইটগার্ড ও নিজেকে সাবেক যুবদলকর্মী হিসেবে পরিচয় দেওয়া ইব্রাহীম সম্প্রতি মৎস্য ব্যবসা পরিচালনার জন্য প্রথমে প্রতিটি গদি থেকে একজন করে জেলে দেওয়ার দাবি জানান। ব্যবসায়ীরা এতে আপত্তি জানিয়ে বলেন, তাঁদের আড়তদারদের কাছ থেকে জেলেরা দাদন হিসেবে টাকা নিয়েছেন। সেই টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত তাঁদের অন্য কারও কাছে মাছ দেওয়ার সুযোগ নেই।

Advertisement

ব্যবসায়ীদের দাবি, তাঁদের বক্তব্যে রাজি না হয়ে ইব্রাহীম প্রত্যেক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। তাঁরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ইব্রাহীম তাঁর লোকজন নিয়ে রাতে ঘাটে এসে কয়েকজন আড়তদারের মাছ রাখার স্টিল, লোহার ও কাঠের বাক্স নদীতে ফেলে দেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

রাজাপুর সুইজগেট মৎস্য আড়তদার মাসুদ মেম্বার বলেন, জোড়খাল ঘাটে ১৬টি বাক্স রয়েছে। তাঁরা সবাই সরকারকে রাজস্ব দিয়ে এবং ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। ঘাটে ব্যবসা করার ক্ষেত্রে কে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তা কখনো বিবেচনা করা হয়নি।

তিনি বলেন, ‘আমরা জেলেদের দাদন দিয়ে ব্যবসা করি। কারও এক কোটি টাকা, আবার কারও ৫০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত জেলেদের কাছে দাদন দেওয়া আছে। জেলেদের কাছ থেকে পাওয়া মাছ বিক্রি করেই আমাদের ব্যবসা চলে। কোনো সময় কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়নি। কিন্তু হঠাৎ করে ইব্রাহীম ব্যবসা করতে হলে টাকা দিতে হবে বলে হুমকি দিচ্ছেন। এমনকি ব্যবসায়ীদের আতঙ্কিত করতে মাছ রাখার বাক্স নদীতে ফেলে দেওয়া হয়েছে।’

অন্য ব্যবসায়ীরা বলেন, মেঘনা নদীর তীরে দীর্ঘদিন ধরে যাঁরা মৎস্য ব্যবসা করছেন, তাঁদের প্রত্যেকের নিজস্ব জেলে রয়েছে এবং এসব জেলেকে তাঁরা দাদন দিয়েছেন। দাদনের টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত ওই জেলেদের কাছ থেকে অন্যত্র মাছ কেনার সুযোগ নেই। ফলে অন্য কাউকে জেলে দিলে দীর্ঘদিনের দাদনের টাকা অনাদায়ী হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ব্যবসায়ী মিজান সর্দার বলেন, ‘আমরা ব্যবসা করে খাই। এখানে কোনো অবৈধ কাজ হয় না। আমরা কাউকে চাঁদা দিতে পারব না। প্রশাসনের কাছে আমাদের ব্যবসার নিরাপত্তা চাই।’

তিনি আরও বলেন, ‘এখানে যাঁরা ব্যবসা করেন, তাঁদের অধিকাংশই সাধারণ মানুষ। পরিশ্রম করে যা আয় করেন, তা দিয়েই সংসার চালান। জেলেদের দাদন দিয়ে মাছ ধরে আনেন এবং সেই মাছ বিক্রি করে জেলে ও ব্যবসায়ী—দুই পক্ষের সংসার চলে। নতুন করে ব্যবসা দাঁড় করাতে গিয়ে লোকসান দিয়ে কারও ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়। ব্যবসার নামে আমরা কাউকে চাঁদা দিতে পারব না। এ বিষয়ে বিএনপি নেতৃবৃন্দ ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

তবে ব্যবসায়ীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন ইব্রাহীম। তিনি বলেন, মাসুদ মেম্বার তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। ঘাটের মাছ রাখার বাক্স কে বা কারা নদীতে ফেলে দিয়েছে, তার সঙ্গে তিনি জড়িত নন। মিথ্যা অভিযোগ দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।

ইব্রাহীম আরও দাবি করেন, ২০১২ সালে মাসুদ মেম্বার তাঁর সারের দোকান থেকে ৮ হাজার ২০০ টাকার কীটনাশক ও সার নিয়ে টাকা পরিশোধ করেননি। এ ছাড়া একটি মসজিদের মাহফিলের ৩২ হাজার টাকা আত্মসাতের অভিযোগও করেন তিনি। তাঁর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই তাঁকে চাঁদাবাজ হিসেবে অভিযুক্ত করা হচ্ছে বলে দাবি করেন ইব্রাহীম।

এ বিষয়ে ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশীর আহমেদ বলেন, রাজাপুরের জোড়খাল মৎস্য আড়তদারদের মাছ রাখার বাক্স নদীতে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলা মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত জেলা। জেলায় প্রায় ১২৫টি মৎস্যঘাট রয়েছে। এসব ঘাটে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ কেনাবেচা হয়। ফলে মৎস্য ব্যবসার সঙ্গে জড়িতদের নিরাপত্তা ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!