ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে পার্কিংয়ে রাখা শ্যামলী কোচে আগুন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে পার্কিংয়ে রাখা শ্যামলী কোচে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরে পার্কিং করে রাখা শ্যামলী এনআর ট্রাভেলসের একটি কোচ আগুনে পুড়ে গেছে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আজ শনিবার ভোরে দিনাজপুর সদর উপজেলার বটতলী ট্রাক টার্মিনালে পার্কিং করে রাখা শ্যামলী এনআর ট্রাভেলসের কোচে আগুনের ঘটনা ঘটে। আগুনে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেলেও দ্রুত পদক্ষেপে পাশের আরেকটি বাস রক্ষা করা সম্ভব হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ট্রাক টার্মিনাল এলাকায় শ্যামলী এনআর ট্রাভেলসের কয়েকটি বাস পার্কিং করা ছিল। ভোরের দিকে একটি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঢাকা মেট্রো-ব ১৪-৬৬৮৫ নম্বরের বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় আগুনের শিখা পাশেই রাখা শ্যামলী এনআর ট্রাভেলসের আরেকটি বাসে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তবে স্থানীয় চালক ও শ্রমিকরা দ্রুত বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে এখানে নাশকতার কোন আলামত পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!