ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ৫ সেপ্টেম্বর ২০২৬
লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় পৃথক অভিযানে তাস দিয়ে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। 

শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে, শুক্রবার রাতে উপজেলার কালমা ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী এলাকার আকতার সিকদারের মুদি দোকানের পেছনে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ইব্রাহিম (৩০), জাকির হোসেন (৪০), শফিউল্লাহ (৫৪), কালু খা (৫২), সবুজ (২৬) ও কবির (৩১)। এদের মধ্যে পাঁচজন লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার এবং কবির তজুমদ্দিন উপজেলার বাসিন্দা।

Advertisement

অন্যদিকে, ওইরাতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকার আবু সিকদারের চায়ের দোকানের ভেতর তাস দিয়ে জুয়া খেলার সময় আরও ৬ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন ইসমাইল (২৭), নুর আলম (৪৫), বিল্লাল (৩৬), হোসেন (২৫), সবুজ (২৪) ও দুলাল (৫২)। তারা সবাই লালমোহন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃত ১২ জনের বিরুদ্ধে জুয়া আইনে লালমোহন থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!