ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ।

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২০, ৬ সেপ্টেম্বর ২০২৬
মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ।
সংগৃহীত ছবি

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ। তবে বরফের সংকট থাকায় ঘাটে পৌঁছানোর আগেই মাছটির কিছুটা পচন ধরে। পরে নিলামে মাছটি ৭৫০ টাকা কেজি দরে মোট সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি। পরে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শাকিল।

Advertisement

জেলে খালেক মাঝি জানান, শনিবার সন্ধ্যায় মেঘনায় কোরাল ধরার জালে মাছটি ধরা পড়ে। কিন্তু পর্যাপ্ত বরফ না থাকায় আড়তে পৌঁছানোর আগেই মাছটির কিছুটা পচন ধরে যায়। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন শাকিল।

মৎস্য ব্যবসায়ী শাকিল বলেন, বরফের সংকটের কারণে মাছটিতে পচন ধরেছিল। নিলামে সাড়ে ১০ হাজার টাকায় মাছটি কেনার পর ঘাটের ১৪ জন মৎস্য ব্যবসায়ী মিলে খাওয়ার জন্য মাছটি ভাগ করে নেন।

বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তের ম্যানেজার সুরুজিত দাস বলেন, বরফের সংকট থাকায় মেঘনায় ধরা মাছটিতে পচন ধরেছে। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে শাকিল ব্যাপারি কোরালটি কিনে নেন। এরপর ঘাটেই মাছটি কেটে ১৪ জন ব্যবসায়ী ভাগ করে নিয়ে যান।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!