ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ৭ সেপ্টেম্বর ২০২৬
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট ঘোষণা
বাজেট ঘোষণা করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে বাজেট ঘোষণা করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব তহবিল থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা। বিপরীতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা। সরকারি অনুদানের দ্বিতীয় অংশে রাখা হয়েছে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা। এ ছাড়া উন্নয়ন খাতে বিশেষ প্রকল্পের জন্য ৭৯ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

কেসিসি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা। সংশোধিত বাজেটে তা দাঁড়ায় ৩৩৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা। নিজস্ব তহবিলের অর্জনের হার ছিল ৭১ দশমিক ৭০ শতাংশ এবং উন্নয়ন তহবিলের অর্জনের হার ৩৮ দশমিক ৫২ শতাংশ।

Advertisement

বাজেট ঘোষণার সময় এর মূল বৈশিষ্ট্য তুলে ধরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, এবারও কোনো নতুন কর আরোপ করা হয়নি। বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত স্থাপনার ওপর প্রচলিত নিয়মে কর ধার্য এবং নিজস্ব আয়ের উৎস সম্প্রসারণের মাধ্যমে কর্পোরেশনের আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এবারের বাজেট একটি উন্নয়নমুখী বাজেট। এতে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জিয়া হল কমপ্লেক্স নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় উপাসনালয়, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট উন্নয়ন, কেসিসির বিভিন্ন দপ্তরের আধুনিকায়ন ও জবাবদিহিতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার উন্নয়নেও বরাদ্দ রাখা হয়েছে।

প্রশাসক জানান, কেসিসির সংস্থাপন ব্যয় মিটিয়ে নিজস্ব তহবিল থেকে বিভিন্ন উন্নয়ন খাতে মোট ৭৩ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্ত, বিএমডিএফ, অবকাঠামো নির্মাণ, সড়কবাতি, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, সমাজকল্যাণ, পরিবেশ, জনস্বাস্থ্য, ভেটেরিনারি ও কনজারভেন্সি খাত মিলিয়ে ৫৫ কোটি ২৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ ১৮ কোটি ৯ লাখ টাকা এবং মূলধন খাতে ৫ কোটি ৯০ লাখ টাকা।

বাজেটে এডিপির জন্য থোক ও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে ১৫০ কোটি টাকা। এর মধ্যে পূর্ত খাতে ৯২ কোটি ৮৭ লাখ টাকা, জরুরি পানির চাহিদা মেটাতে ২ কোটি টাকা, ভেটেরিনারি খাতে ১ কোটি ৫০ লাখ টাকা, জনস্বাস্থ্য খাতে ২০ কোটি ৫০ লাখ টাকা এবং কনজারভেন্সি খাতে ৩৩ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নজরুল ইসলাম মঞ্জু আরও জানান, বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার মাধ্যমে তিনটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এসব প্রকল্পের জন্য ৪৭ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে ১২ কোটি ৫০ লাখ টাকা, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পে ২৫ কোটি টাকা, ‘হেলদি সিটি খুলনা আরবান লিড প্রোগ্রামে’ ১৩ লাখ টাকা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

নগর অঞ্চল প্রকল্প-২-এ ২০ কোটি টাকা, সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেল প্রকল্পে ৭৯ লাখ ৬ হাজার টাকা, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশন আরবান ডেভেলপমেন্ট প্রকল্প-২-এ ২৩ কোটি ৭৮ লাখ টাকা, কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পে ১৬ কোটি ৩১ লাখ ৪৯ হাজার টাকা, স্মার্ট ওয়াশ ইনিশিয়েটিভ বাই ইউনিসেফ প্রকল্পে ৭ কোটি ৫০ লাখ টাকা এবং ‘লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল’ প্রকল্পে ৭৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া রিজিওনাল আরবান টিউটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পে ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রশাসক জানান, খুলনা সিটি কর্পোরেশনের ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য ২ হাজার ২৫৫ কোটি ১ লাখ ২২ হাজার টাকা এবং জিয়া হল কমপ্লেক্স নির্মাণে ৪১৮ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন, নাগরিক সেবার মান বাড়ানো এবং খুলনাকে আরও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। অনুষ্ঠানে ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!