পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে পুকুরের পানি সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব পাটিকর (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব পাটিকর ওই এলাকার নির্মল পাটিকরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিপ্লবসহ ৪-৫ জন একটি পুকুরের পানি সেচে মাছ ধরছিলেন। এ সময় পানি সেচের জন্য বৈদ্যুতিক জগ মেশিন ব্যবহার করা হচ্ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন।
.png)
পরে সঙ্গে থাকা লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে সকাল ৮টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিপ্লবের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।