ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩৩৪ পূজামণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
৩৩৪ পূজামণ্ডপে দুর্গোৎসব, নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক
নিরাপত্তায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক

গাজীপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। একই সঙ্গে পূজামণ্ডপে পালাক্রমে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।

Advertisement

সভায় পুলিশ সুপার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে দুর্গোৎসব উদযাপন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কোথাও কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিট কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা পুলিশ সুপারকে দ্রুত অবহিত করতে বলেন তিনি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ বছর গাজীপুরে ৩৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জয়দেবপুর থানা এলাকায় ২৮টি, কালিয়াকৈরে ১৩৮টি, শ্রীপুর মডেল থানায় ৬০টি, কাপাসিয়ায় ৬৫টি এবং কালীগঞ্জে ৪৩টি পূজামণ্ডপ রয়েছে।
পূজামণ্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!