ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মারামারি-হানাহানি নয়, ঐক্যেই উন্নয়ন সম্ভব -মন্ত্রী ডা. জাহিদ

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ১২ সেপ্টেম্বর ২০২৬
মারামারি-হানাহানি নয়, ঐক্যেই উন্নয়ন সম্ভব -মন্ত্রী ডা. জাহিদ
আজ শনিবার দুপুরে নবাবগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, একটি এলাকার শান্তিপূর্ণ পরিবেশ উন্নয়নের প্রধান শর্ত। নিজেদের মধ্যে বিভেদ, মারামারি ও হানাহানি থাকলে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়, আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকলে উন্নয়নের পথ সুগম হয়।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

মন্ত্রী বলেন, আপনারা যদি নিজেদের পরিবেশ সুন্দর রাখেন, তাহলে উন্নয়ন করা সহজ হবে। কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি হলে এলাকার ক্ষতি হবে। আজ এত মানুষ শান্তিপূর্ণভাবে উপস্থিত আছেন বলেই সুন্দর পরিবেশে এই সভা আয়োজন সম্ভব হয়েছে।

তিনি বলেন, এলাকার ছেলে-মেয়েদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, কোনো ব্যক্তি বা পরিবার অর্থনৈতিক সংকটে পড়লে তাদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। বিএনপির নেতাকর্মীদের এ ধরনের অসহায় মানুষের খোঁজখবর নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, সঠিক তথ্য ও পরামর্শ পেলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 

ডেইলি-বাংলাদেশ/দিনাজপুর
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!