রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে প্রস্তুতি, সাজছে নগরী
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এ সফরকে কেন্দ্র করে আধ্যাত্মিক রাজধানী সিলেটে চলছে ব্যাপক প্রস্তুতি। নগরজুড়ে সাজসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সফর উপলক্ষে ঐতিহাসিক কিন ব্রিজ, সার্কিট হাউস এলাকা এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সড়কের ডিভাইডারে নতুন করে রঙ করা হচ্ছে এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রটোকল সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর তিনি সার্কিট হাউসে গিয়ে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার গ্রহণ করবেন।
.png)
পরে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। তাঁর এ সফর সিলেটের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
রাষ্ট্রপতির সফর উপলক্ষে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাষ্ট্রপতির যাতায়াতের রুট ও অনুষ্ঠানস্থলগুলোতে দায়িত্ব পালন করবেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে সর্বোচ্চ প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।