ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে মাদরাসাছাত্রীকে যৌন হয়রানি, জামায়াত নেতা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে মাদরাসাছাত্রীকে যৌন হয়রানি, জামায়াত নেতা গ্রেপ্তার
গ্রেফতার মো. নুরুল আলম। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের কচুয়ায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মো. নুরুল আলম (৪০) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির।

মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নুরুল আলম আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের বেনুছো বাড়ির ‘মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন। গত রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসার আবাসিক কক্ষে ওই ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানি করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

Advertisement

মামলার বাদী ও ছাত্রীর মা আনোয়ারা বেগমের অভিযোগ, পড়ালেখার সময় নুরুল আলম কৌশলে তার মেয়েকে আবাসিক কক্ষে ডেকে নেন। সেখানে তিনি ওই ছাত্রীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ ও শ্লীলতাহানি করেন। পরে কান্নাকাটি করতে করতে ছাত্রীটি পড়ার কক্ষে ফিরে গিয়ে মাকে বিষয়টি জানায়।

পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে পরে কচুয়া থানায় মামলা করেন ছাত্রীর মা। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নুরুল আলম এর আগেও মাদ্রাসার একাধিক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেছেন।

পুলিশ জানায়, ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ১০ ধারায় মামলা করা হয়েছে। নুরুল আলমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, নুরুল আলমের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানা গেছে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ওই ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!