ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
নুসরাত হত্যা মামলায় খালাস, স্বজনদের কান্না

নুসরাত হত্যা মামলায় খালাস পেয়ে কারাগার ছাড়লেন ৮ জন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬
নুসরাত হত্যা মামলায় খালাস পেয়ে কারাগার ছাড়লেন ৮ জন
নুসরাত হত্যা মামলায় খালাস, স্বজনদের কান্না। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের খালাসের আদেশের পর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আটজন মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তাঁদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

Advertisement

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্টের খালাসের আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে আটজনকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তিপ্রাপ্তরা হলেন—মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ ও কামরুন্নাহার মনি। কামরুন্নাহার মনির সঙ্গে তাঁর সাত বছর বয়সী মেয়ে মোবাশ্বেরা খানম রাথীও কারাগার থেকে বের হয়।

মুক্তির খবর পেয়ে সকাল থেকেই তাঁদের স্বজনেরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে অপেক্ষা করছিলেন। দীর্ঘ অপেক্ষার পর প্রিয়জনদের কারাগার থেকে বের হতে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। মুক্তিপ্রাপ্তরাও স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

পরে পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে তাঁরা ফেনীর উদ্দেশে রওনা হন বলে পরিবার সূত্রে জানা গেছে।

মুক্তিপ্রাপ্ত ইফতেখার উদ্দিন রানার মা হাজেরা বেগম বলেন, তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। ছেলেকে ফিরে পেয়ে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি তৎকালীন প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান।

হাইকোর্টের আদেশ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে হাইকোর্ট ১০ জনকে খালাস দিয়েছেন। চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর অপর দুই আসামি সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

হাইকোর্টের খালাসের আদেশের পরই সংশ্লিষ্ট কারাগারে থাকা আসামিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁদের মধ্যে আটজন মুক্তি পান।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!