ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ হবে: সড়কমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৬
২০২৯ সালে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষ হবে: সড়কমন্ত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আগামী ২০২৯ সাল নাগাদ ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেন উন্নীতকরণ কাজ শেষ হবে।

তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় মহাসড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

Advertisement

এ সময় সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম আরো বলেন, ঢাকা-সিলেট মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। ছয়লেন প্রকল্পটি অনেক আগে নেয়া হয়েছে। কিন্তু সাড়ে ৪ বছর হয়ে গেলেও অগ্রগতি সন্তোষজনক ছিলনা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত ৬ মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভূমি অধিগ্রহণ এখন প্রায় ৫৬ শতাংশের কাছাকাছি। আশা করছি দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ হয়ে যাবে। ভৌত কাজের অগ্রগতিও প্রায় ২৭ শতাংশ।

তিনি আরো বলেন, এই প্রকল্পের কাছে যেখানে বিচ্যুতি আছে, সেগুলো অতিক্রম করে আমরা এই সড়কটি বাস্তবায়ন করতে চাচ্ছি। সড়কের ১৩টি প্যাকেজের মধ্যে ৫টি প্যাকেজের কাজের অগ্রগতি অসন্তোষজনক। বাকি ৮টি প্যাকেজের কাজ সন্তোষজনক। আমরা ২০২৯ সালের জুনের মধ্যে মহাসড়কটি দরপত্র অনুসারে নির্মাণ কাজ শেষ করে জনগণের জন্য উম্মুক্ত করে দিতে চাই।

এ সময় তিনি আরো বলেন, বর্তমানে কাজের অগ্রগতি সন্তোষজনক। তবে কিছুটা জনদূর্ভোগ হচ্ছে, যেহেতু ৪ বছর কাজের তেমন অগ্রগতি ছিলনা। বিগত সরকার এবং অন্তবর্তী সরকার খুব বেশি মনযোগী ছিলনা এই প্রকল্প নিয়ে। ভূমি অধিগ্রহণ বড় সমস্যা ছিল, সেটা থেকে উত্তরণ হতে চলেছি আমরা। ভৌত কাজ যেখানে সন্তোষজনক নয়, সেটা কীভাবে আরও জোরালো করা যায় সেই চেষ্টা করছি আমরা। এ সময় মন্ত্রীর সাথে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!