ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোর শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১০, ২০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
আখাউড়া সীমান্তে নিখোঁজ কিশোর শাকিলের মরদেহ সকল আইনি প্রক্রিয়া শেষে ফেরত দিল বিএসএফ। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিখোঁজ হওয়ার এক দিন পর ভারতের ভূখণ্ডে পাওয়া ১৪ বছর বয়সী কিশোর মো. শাকিলের মরদেহ ময়নাতদন্ত শেষে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার বিকেলে বিজিবি ও বিএসএফের সমন্বিত আলোচনার পর আখাউড়া থানা পুলিশের মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহত শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাশার ভূঁইয়া ওরফে মালু মিয়ার ছেলে।

Advertisement

পরিবারের সদস্যরা জানান, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয় সে। এরপর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি, মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

শনিবার রাতে দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় একটি কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।

মরদেহটি ভারতীয় ভূখণ্ডে থাকায় তা হস্তান্তর নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা শুরু হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সমন্বয়ে প্রশাসনিক প্রক্রিয়া শেষে ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ভারতীয় সীমান্তে পাওয়ায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের প্রশাসনিক প্রক্রিয়া শেষে ভারতে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রোববার বিকেলে বিএসএফ মরদেহটি বাংলাদেশি পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে। পরে মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, শাকিল কীভাবে সীমান্তের ওই এলাকায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ//এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!