ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামায়াত নেতার বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২১, ২২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াত নেতার বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাজিরা উপজেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিকদার মো. মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

সোমবার রাতে শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গীর মোড়ে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী। এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান ও পৌর জামায়াতের সভাপতি জব্বার মীর উপস্থিত ছিলেন।

Advertisement

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ১০ আগস্ট জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মান্নান সরদার নামের এক বৃদ্ধ নিহত এবং রিপন মোল্লা (৩৮) নামের এক যুবক গুরুতর আহত হন। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে ১৭ সেপ্টেম্বর রিপন মোল্লার বাবা হামি মোল্লা বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা করেন। ওই মামলায় শিকদার মো. মেজবাহ উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

তবে জামায়াতে ইসলামীর নেতাদের অভিযোগ, সংঘর্ষে আহত রিপন মোল্লার প্রতিপক্ষ রেজাউল সিকদারের পরিবর্তে স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে মেজবাহ উদ্দিনকে মামলায় আসামি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৫ সেপ্টেম্বর একই এলাকায় একটি রান্নাঘরে মজুত রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়ে রোকেয়া বেগম নামে এক গৃহবধূ মারা যান। ওই ঘটনায়ও শিকদার মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি করেন জামায়াত নেতারা।

তারা বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করে মেজবাহ উদ্দিনকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হচ্ছে। তাই ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!