ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহাগাড়ায় অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময়

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় অপরাধ প্রতিরোধে পুলিশের মতবিনিময়
লোহাগাড়ায় মাদক, চুরি-ডাকাতি ও ইভটিজিং রোধে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ওসি মোঃ আবদুল্লাহ

চট্টগ্রামের লোহাগাড়ায় চুরি-ডাকাতি, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় নিয়ে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা সদরের আল মদিনা কমিউনিটি সেন্টারের হলরুমে লোহাগাড়া থানা প্রশাসন ও এলাকাবাসীর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আধুনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এটিএম জাহেদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহসভাপতি আবু সেলিম চৌধুরী, শিক্ষাবিদ মোহাম্মদ হোসেন, মাস্টার জাহাঙ্গীর আলম ও খায়র আহমদ ম্যানেজার।

সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লোহাগাড়ার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার বেড়েছে। এর ফলে চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিদ্যালয়ে যাতায়াতের সময় ছাত্রীদের ইভটিজিংয়ের শিকার হতে হচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের সদস্যদের মারামারি ও প্রকাশ্যে মাদক সেবনের মতো ঘটনাও ঘটছে।

তারা বলেন, এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। অপরাধীদের সামাজিকভাবে বর্জন করার পাশাপাশি এলাকার কোনো ব্যক্তি অপরাধে জড়ালে এবং স্থানীয়ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে সঠিক তথ্যের ভিত্তিতে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। অপরাধ দমন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ আবদুল্লাহ বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। অপরাধীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।

তিনি বলেন, মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে প্রথমে এলাকাবাসীকেই সোচ্চার হতে হবে। এসব অপরাধ বন্ধে থানা-পুলিশ নিয়মিত কাজ করছে এবং মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

লোহাগাড়া থানায় মাদক উদ্ধারে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে উল্লেখ করে ওসি বলেন, উপজেলার প্রতিটি গ্রামকে মাদক ও বখাটেমুক্ত করতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/লোহাগাড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!