নাটোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন
"আজকের নবীন আগামী দিনের প্রবীণ" এবং "প্রবীণের যুক্তি, নবীনের মুক্তি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
১লা অক্টোবর (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষে 'প্রবীণ হিতৈষী সংঘ' নাটোর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
.png)
সকালে নাটোর জেলা প্রশাসকের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
প্রবীণদের অধিকার ও কল্যাণ বিষয়ক এই আলোচনা সভায় প্রবীণ হিতৈষী সংঘ নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আসাদ বিন সাইদের সভাপতিত্বে এবং এ্যাড. বাকি বিল্লাহ রশিদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার।
সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাটোরের সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ আসিফ আরেফিন অক্সিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ এবং প্রবীণ হিতৈষী সংঘ নাটোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ আব্দুল ওহাব। অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালেক।
আলোচনা সভায় বক্তারা বলেন, চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক প্রসারে বিশ্বজুড়ে প্রবীণদের গড় আয়ু ও সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এর পাশাপাশি তাঁদের আর্থ-সামাজিক ও আইনগত বিভিন্ন জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রবীণদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় 'প্রবীণ নীতিমালা' ও ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ পাস করেছে এবং প্রবীণদের ‘সিনিয়র সিটিজেন’ হিসেবে ঘোষণা করেছে। এসব আইন ও প্রবীণদের অধিকার সম্পর্কে সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য বক্তারা জোর আহ্বান জানান।