ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিশুর, বাবা-মা হাসপাতালে

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ৬ অক্টোবর ২০২৬
পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিশুর, বাবা-মা হাসপাতালে
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে জান্নাতুল ইসলাম লাফা (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জান্নাতুল ইসলাম লাফা লালমোহন পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেলের মেয়ে। সোহেল লালমোহন ডিজিটাল ডায়াগনস্টিকের পরিচালক হিসেবে কর্মরত। তার স্ত্রী একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে সোহেল মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে স্কুলের উদ্দেশে রওনা হন। পথে বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যেরপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাতুল ইসলাম লাফাকে মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!