ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকায় গ্রেপ্তার তজুমদ্দিনের আ.লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৭, ৬ অক্টোবর ২০২৬
ঢাকায় গ্রেপ্তার তজুমদ্দিনের আ.লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার
ঢাকায় ডিবির হাতে গ্রেপ্তার তজুমদ্দিনের আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার, সংগৃহীত ছবি।

ঢাকার কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। 

সোমবার রাতে কাফরুলের এসপি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।

গ্রেপ্তারকৃত ফরিদ উদ্দিন তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারে। বর্তমানে তিনি রাজধানীর কাফরুলের এসপি পাড়ার একটি বাসায় বসবাস করছিলেন।

ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা বিভাগের একটি দল কাফরুল এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তিনি ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত।

জানা গেছে, ফরিদ উদ্দিন তালুকদার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, তজুমদ্দিন বিআরডিবির সাবেক চেয়ারম্যান এবং তজুমদ্দিন উপজেলা আ'লীগের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেম তালুকদারের বড় ছেলে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!