ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নাটোরের পদ্মা চরে সাঁড়াশি অ্যাকশনে আটক ১৩

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ৯ অক্টোবর ২০২৬
নাটোরের পদ্মা চরে সাঁড়াশি অ্যাকশনে আটক ১৩
যৌথবাহিনীর এই সাঁড়াশি অভিযানে লালপুরের পদ্মা নদী এলাকায় পুলিশের অভিযান।

নাটোরের লালপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। যৌথবাহিনীর এই সাঁড়াশি অভিযানে লালপুরের পদ্মা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

​শুক্রবার (০৯ অক্টোবর, ২০২৬) ভোর থেকে রাজশাহী রেঞ্জের অধীনে নাটোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও মেহেরপুর—এই পাঁচ জেলায় একযোগে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালিত হয়। পুরো অভিযানে সর্বমোট প্রায় ৬৫০ জন অফিসার ও পুলিশ সদস্য অংশ নেন।
​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের রাজশাহী অংশ (রাজশাহী, নাটোর ও পাবনা জেলা) সার্বিক তত্ত্বাবধানসহ দিকনির্দেশনা প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ।

নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সার্বিক নির্দেশনায় লালপুর থানা এলাকায় অভিযানের মূল নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়।
​অভিযানে লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ইব্রাহীম খলিলের নেতৃত্বে নাটোর জেলার প্রায় ১০০ জনেরও বেশি অফিসার ও পুলিশ ফোর্স অংশ নেন। তারা পদ্মা নদীর দুর্গম চরসহ লালপুর থানার বিভিন্ন সন্দেহভাজন স্থানে অভিযান চালান।

​অভিযানকালে গ্রেফতারকৃত ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা কার্যকর ও নতুন নিয়মিত মামলা রুজুসহ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!