জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক, ভোলায় সাহিদা আক্তারকে সংবর্ধনা
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ায় ভোলার নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার সকাল ১০টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ভোলা সদর শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ রাইসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অসীম প্রসাদ বিশ্বাস, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মো. মোসলেহ উদ্দিন ও মো. এজাজুল হক।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ভোলা সদর শাখার সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. মনির উদ্দিন। এ সময় সমিতির নেতারা ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে সাহিদা আক্তারের স্বীকৃতি অর্জন ভোলার জন্য গৌরবের। তার এ সাফল্য অন্য শিক্ষকদেরও শিক্ষাক্ষেত্রে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।
শিক্ষাক্ষেত্রে অবদান ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ সাহিদা আক্তারকে এ সংবর্ধনা দেওয়া হয়।