ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

উদ্ধার হল জার্মান পর্যটকের নাটোরে হারানো ল্যাপটপ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৮, ১২ অক্টোবর ২০২৬
উদ্ধার হল জার্মান পর্যটকের নাটোরে হারানো ল্যাপটপ
জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করে পুলিশ সুপারের হাতে তুলে দিলেন নাটোর সদর থানা পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোর রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের হারানো ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে অন্তর কুমার সাহা নামের এক যুবকের কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তর ও তার বাবা অমল কুমার সাহার সঙ্গে কথা বলেছে পুলিশ। তবে ল্যাপটপ চুরির সাথে তারা জড়িত না বলে জানিয়েছে পুলিশ।

রবিবার রাত ১০টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় ছিলেন নাটোর সদর থানার ওসি মো. মনসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার জানান, ল্যাপটপ উদ্ধারে পুলিশের কয়েকটি দল কাজ করে। নাটোর থেকে লালমনিরহাট পর্যন্ত বিভিন্ন রেলস্টেশনে তল্লাশি চালানোর পাশাপাশি নানা উপায়ে ল্যাপটপটির অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে গতকাল রাতে নাটোর শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় সেটির অবস্থান শনাক্ত করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে অন্তর কুমার সাহার কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপারের ভাষ্য, অন্তর জানিয়েছেন, গত বৃহস্পতিবার সকালে তার বাবা অমল কুমার সাহা নওগাঁ যাওয়ার জন্য তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি মাধনগর এলাকায় পৌঁছালে একটি বগির আসনের নিচে ব্যাগের মধ্যে ল্যাপটপটি পরিত্যক্ত অবস্থায় পান তিনি। পরে সেটি নিয়ে নওগাঁয় শ্বশুরবাড়িতে যান অমল। বিষয়টি ছেলেকে জানানোর পর ল্যাপটপটি নিয়ে নাটোরে ফেরেন তিনি। পরে পুলিশের দল কাপুড়িয়াপট্টি এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করে।

উল্লেখ্য,বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে জার্মান নাগরিক কিরিল ল্যান্ডার উইবার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি নাটোর রেলস্টেশনে এসে নামেন। এরপরে নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এজন্য তিনি নাটোর রেলস্টেশনে প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। বগুড়া থেকে আসা রেলের কর্মচারীর পোশাক পরা এক ব্যক্তির সাথে সখ্য গড়ে ওঠে কিরিলের। নাটোর স্টেশনে নেমে কিরিল সেই রেল কর্মীর জিম্মায় তার ল্যাপটপ ও ক্যামেরাসহ একটি ব্যাগ রেখে এটিম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে ব্যাগ ও সেই কর্মী যুবকটি কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার রাতে নাটোর সদর থানা পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/জেডআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!