ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ১২ অক্টোবর ২০২৬
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনলের সটাকি লঞ্চঘাটের কাছে মেঘনা নদীতে জেলেদের ধাওয়া করতে গিয়ে নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে। সেটি উদ্ধারে নদীতে ডুবুরি দল নামানো হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন স্পিডবোট ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় স্পিডবোটটি নদীতে ডুবে যায়। এ সময় পুলিশের একটি শটগান নিখোঁজ হয়।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শটগান উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল কাজ করছে।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১৪টি মামলায় ২৮ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ।

এর মধ্যে চাঁদপুর সদর নৌ-পুলিশের অভিযানে ১৪ জন এবং মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জন গ্রেপ্তার হয়েছেন। বাকি চারজনকে অন্যান্য নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। উদ্ধার করা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। অন্যদিকে, অবৈধ কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মা ইলিশের প্রজনন রক্ষায় নদীতে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!