আখের বাম্পার ফলন, নতুন গুড়ে হাসি কৃষকের মুখে
সিরাজগঞ্জে বিভিন্ন জাতের আখের বাম্পার ফলন হয়েছে। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় আখ মাড়াই করে নতুন গুড় তৈরির ধুম পড়েছে। এরইমধ্যে বাজারে উঠতে শুরু করেছে নতুন গুড়। দাম ভালো পাওয়ায় খুশি আখচাষিরা। কম খরচে তুলনামূলক বেশি লাভ হওয়ায় প্রতিবছরই জেলায় আখ চাষে আগ্রহ বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের নয়টি উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এসব জমিতে আইএসডি ৪১, ৪২, ৪৩, ইরি ও বোনসহ বিভিন্ন জাতের আখ চাষ করেছেন কৃষকেরা।
কৃষকেরা কয়েক মাস আগে আখের তিন চোখবিশিষ্ট ডাঁটা বা টুকরা জমিতে রোপণ করেন। বিশেষ করে উঁচু ও দোআঁশ মাটির জমিতে এসব জাতের আখের চাষ বেশি হয়। এ ছাড়া আখের গোড়া বা মোতা থেকে নতুন আখ উৎপাদন করা যায়। একবার আখ রোপণের পর কয়েক বছর ধরে মোতা থেকে নতুন আখ গজানোর সুযোগ থাকায় উৎপাদন খরচ তুলনামূলক কম হয়। এতে কৃষকেরা লাভবান হন।
জেলার চরাঞ্চলসহ বেলকুচি, কাজিপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় আখের চাষ বেশি হয়েছে। এসব এলাকার কৃষকেরা আখ মাড়াই করে গুড় তৈরির প্রস্তুতি নিয়েছেন। কোথাও কোথাও ইতিমধ্যে শুরু হয়েছে গুড় উৎপাদন। নতুন গুড় স্থানীয় হাট-বাজারেও বিক্রি হচ্ছে।
কৃষকদের হিসাবে, শীতের শুরুতে প্রতি ডিমা বা তিন পোয়া গুড় ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে খাঁটি গুড়ের দাম প্রতি কেজি ২০০ থেকে ২৫০ টাকা। এ ছাড়া অনেক কৃষক প্রতি বিঘা জমির আখ ক্ষেতসহ ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করছেন। বাজারে ভালো দাম পাওয়ায় এবার উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো মুনাফার আশা করছেন তারা।
তবে আখের গুড় তৈরিতে ভেজাল মেশানোর অভিযোগও রয়েছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু উৎপাদক গুড় তৈরির সময় আটা, চিনি ও সোডা ব্যবহার করছেন। যদিও স্থানীয় কিছু কৃষকের দাবি, গুড় তৈরিতে আটা ও চিনি ব্যবহার করাকে তারা ভেজাল হিসেবে দেখেন না। এ বিষয়ে খাদ্যমান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সচেতন ব্যক্তিরা।
আখের গুড়ের পাশাপাশি আখ বিক্রি করেও আয় করছেন কৃষকেরা। শহর ও বন্দরের বিভিন্ন স্থানে যানবাহনে করে আখ বিক্রি হচ্ছে। একই সঙ্গে সড়কের পাশে ভ্রাম্যমাণ ভ্যানে যন্ত্রের সাহায্যে আখ মাড়াই করে তৈরি করা রসের চাহিদাও রয়েছে। বর্তমানে প্রতি গ্লাস আখের রস ১০ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে।
যমুনা নদীর তীরবর্তী পারপাঁচিল গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক ও আনোয়ার হোসেন জানান, এবার তারা সাত বিঘা জমিতে আখ চাষ করেছেন। এর বেশির ভাগই আখের মোতা থেকে উৎপাদন করা হয়েছে। ইতিমধ্যে তারা আখ মাড়াই করে নতুন গুড় তৈরি শুরু করেছেন। বাজারে গুড়ের দাম ভালো থাকায় এবার বেশি লাভের প্রত্যাশা করছেন তারা।
কৃষকেরা জানান, আখ চাষে উৎপাদন খরচ তুলনামূলক কম এবং গুড় ও আখের বাজারদর সন্তোষজনক থাকলে এ ফসল থেকে ভালো আয় করা সম্ভব। এ কারণে অনেক কৃষক প্রতিবছর আখ চাষের পরিমাণ বাড়াচ্ছেন।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক জেরিন আহমেদ বলেন, এবার জেলায় আখের বাম্পার ফলন হয়েছে। তুলনামূলক কম খরচে আখ চাষ করে ভালো লাভ করা যায়। এ কারণে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আখ মাড়াই শুরু হয়েছে। ভালো দাম পাওয়ায় কৃষকেরা লাভের আশা করছেন। তবে পুরো শীত মৌসুমে আখ মাড়াই ও গুড় উৎপাদন আরও বাড়বে।