ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশা থেকে পড়ে প্রাণ গেল যুবকের
পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশা থেকে পড়ে মো. রাসেল প্রাং (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার রূপপুর গ্রিনসিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল প্রাং পাবনা সদর উপজেলার কাশিপুর বটতলা এলাকার মৃত মোস্তফা প্রাংয়ের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশার ব্যাটারি পরিবর্তন করতে রাসেলসহ চারজন ঈশ্বরদীতে আসেন। পরে আলহাজ মোড় এলাকার ফাহাদ ট্রেডার্স নামের একটি দোকানে ব্যাটারি পরিবর্তন শেষে রাতে অটোরিকশায় করে কাশিপুরের উদ্দেশে রওনা হন তারা।
ফেরার পথে অটোরিকশায় সাউন্ড বক্সে গান বাজছিল। এ সময় তারা আনন্দ-ফুর্তি করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত চলন্ত অটোরিকশা থেকে পড়ে যান রাসেল। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে সঙ্গে থাকা ব্যক্তিরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, অটোরিকশায় গান বাজানোর সময় নাচানাচি করতে গিয়ে অসাবধানতাবশত পড়ে মাথায় গুরুতর আঘাত পান ওই যুবক। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়।
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।