কটিয়াদীতে ইয়াবা ও নগদ টাকাসহ নারী গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২০ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ পাপিয়া আক্তার আলো (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পাপিয়া আক্তার আলো ওই গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানা পুলিশ মধ্যরাতে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের একটি আলমারি থেকে ৯২০ ইয়াবা ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, লিটন মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাপিয়া আক্তার আলোকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।