মদনে পূজায় ৩ শতাধিক অসহায়ের পাশে বিএনপি নেতা এনামুল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণার মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তিন শতাধিক অসচ্ছল হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে মদন কোর্ট বিল্ডিং এলাকায় পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. এনামুল হকের উদ্যোগে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. এনামুল হক। এতে প্রধান অতিথি ছিলেন মদন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মো. আনোয়ার হোসেন।
এ সময় বক্তব্য দেন মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, মো. রুস্তম আলী, মো. দুলাল মেম্বার, কিতিশ চন্দ্র, গিরেন্দ্র চন্দ্র, মো. বিল্লাল মিয়া ও জৌবনসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে মো. এনামুল হক বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই উপহারসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে মদন পৌরসভার মেয়র নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করবেন। নিজের সম্মানী ভাতার সম্পূর্ণ অর্থও মানুষের কল্যাণে ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।