বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে: হুইপ দুলু
বিএনপি নির্বাচনের আগে শিক্ষা ও স্বাস্থ্য খাতে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার তা পালন করছে এবং বর্তমানে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, একটি দেশ ও জাতিকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আরও বলেন, একটি দেশ ও জাতিকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ কারণেই তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং বিগত বাজেটে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। বিএনপি সাধারণ মানুষের জন্য যেসব অঙ্গীকার করে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে বলেও তিনি উল্লেখ করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফেরদৌসী বেগম, প্রধান শিক্ষক আফসার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকমণ্ডলী ও ছাত্রীরা।