ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় ১১৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০০, ১৭ অক্টোবর ২০২৬
ভোলায় ১১৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ড
ভোলা পৌরশহরের সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল। ছবি: ডেইলি বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয় অঞ্চলের ৩৭১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

শনিবার সকালে ভোলা সদর উপজেলার ওয়েস্টার্ন পাড়া মিহির লাল সাহার মাঠে অবস্থিত সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, দক্ষিণ জোনের আওতাধীন ছয় জেলার ১৮টি উপজেলার উপকূলীয় এলাকায় দুর্গাপূজা উপলক্ষ্যে ৩৭১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন সদস্যরা। পূজা চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবেন তারা।

এ ছাড়া প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত রাখা হবে বিশেষ ডুবুরি দল। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

এদিকে, একইদিন সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশনস) লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন । তিনি বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: পূজা ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!