প্রবাস থেকে ফিরে টাকার হিসাব নিয়ে বিরোধ, স্ত্রীকে গলা কেটে হত্যা
প্রবাস থেকে দেশে ফেরার পর চার বছরে পাঠানো টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বিরোধ। এর জেরে স্ত্রীকে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার হান্নান মার্কেটসংলগ্ন মাওরারটেক রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর হাসনা আক্তার (২০) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে (২৮) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে হাসনা ও রফিকুলের বিয়ে হয়। গত ২৬ সেপ্টেম্বর প্রবাস থেকে দেশে ফেরেন রফিকুল। এরপর প্রবাসে থাকাকালে পাঠানো টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয় বলে জানা গেছে।
রোববার দুপুরে রফিকুল তাঁর স্ত্রীকে গাছা থানার খাইলকুর এলাকার ভাড়া বাসা থেকে পূবাইলের হায়দরাবাদ এলাকায় নিয়ে যান। সেখানে রেললাইনের কাছে ধারালো ছুরি দিয়ে হাসনার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে রফিকুলকে আটক করেন এবং হাসনাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল রেললাইনের কাছে হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক রফিকুল ও হাসনার মরদেহ সংশ্লিষ্ট রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।