ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ২২ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ১৯ অক্টোবর ২০২৬
চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ২২ জেলের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে আটক অপর দুই জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১৯ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে চিরাচর এলাকা থেকে ১৮ জন এবং দোকানঘর এলাকা থেকে ছয় জেলেকে আটক করা হয়।

অভিযানে জেলেদের কাছ থেকে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ছয়টি মাছ ধরার নৌকা ও পাঁচ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, মা ইলিশের প্রজনন রক্ষায় আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, চিরাচর, হরিসভা, রনাগোয়াল, দোকানঘর ও বহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, রাত ১২টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, মো. রহমত উল্লাহ ও তানভীর রাব্বী। আদালত ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড ও প্রত্যেককে ২০০ টাকা জরিমানা করেন। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সহকারী মৎস্য কর্মকর্তা আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। ছয়টি মাছ ধরার নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি চাঁদপুর ও পার্শ্ববর্তী শরীয়তপুর জেলায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!