ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাত্রদল নেতা হত্যায় মামলা: নাটোরের এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ২৭ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যায় মামলা: নাটোরের এমপিপুত্র ৩ দিনের রিমান্ডে
ছাত্রদল নেতা হত্যা মামলায় মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ডিবি হেফাজতে থাকা মিন্টুকে শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক মেহেদি হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার রাতে গুরুদাসপুরে মিন্টুর নিজ বাসা থেকে তাঁকে হেফাজতে নেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেট পরা দুর্বৃত্তরা শাকিল ইসলামকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!