চরফ্যাশন-মনপুরাকে আধুনিক জনপদে রূপান্তর করা হবে: এমপি নয়ন
ভোলার চরফ্যাশন ও মনপুরাকে আধুনিক জনপদে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন ভোলা-৪ আসনের এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। তিনি বলেছেন, আপনারা হয়তো চরফ্যাশনে দৃশ্যমান কোনো উন্নয়ন দেখেননি, তবে আমরা বসে নেই, আমরা চেষ্টা করছি। আগামী দিনে চরফ্যাশনকে আধুনিক চরফ্যাশনে রূপান্তর করব।
বৃহস্পতিবার বিকেলে চরফ্যাশন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রধান সড়কে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
এমপি নূরুল ইসলাম নয়ন বলেন, চরফ্যাশন ও মনপুরার মানুষের সেবার মান উন্নত করার পাশাপাশি রাস্তাঘাট প্রশস্তকরণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মানুষের চলাচল সহজ ও নিরাপদ করতে কাজ করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এ অঞ্চলকে আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
যুবদলের আন্দোলন-সংগ্রামের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার প্রত্যয় নিয়ে তাঁরা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। এ সময় তিনি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।
চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল আলম প্রিন্স মহাজনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফিরোজ আব্দুল্লাহ, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম ও সিনিয়র সহ-সভাপতি ফখরুল আলম ফেরদৌস।
এ ছাড়া চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।