ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে রোকন হত্যার এক মাসেও নেই গ্রেপ্তার, মহাসড়ক অবরোধ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ৩০ অক্টোবর ২০২৬
ভৈরবে রোকন হত্যার এক মাসেও নেই গ্রেপ্তার, মহাসড়ক অবরোধ
মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসী রোকন হত্যাকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবার ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘ওসি ভুয়া ভুয়া’, ‘ওসি ঘুষখোর ঘুষখোর’সহ বিভিন্ন স্লোগান দেন। তাঁরা রোকন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একপর্যায়ে আন্দোলনকারীদের মহাসড়কের ওপর ফুটবল খেলতেও দেখা যায়।

আন্দোলনকারীরা জানান, গত ১ অক্টোবর রোকন হত্যাকাণ্ডের ঘটনায় ভৈরব থানায় মামলা করা হয়। ঘটনার প্রায় এক মাস পার হলেও হত্যার রহস্য উদ্‌ঘাটন কিংবা জড়িতদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা ক্ষুব্ধ। তাদের অভিযোগ, গত সপ্তাহে মানববন্ধন করতে চাইলে ওসি মাহবুবুর রহমান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর সফরের কথা উল্লেখ করে কর্মসূচি স্থগিত করতে বলেন। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে হত্যার রহস্য উদ্‌ঘাটন ও প্রকৃত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কোনো অগ্রগতি দেখতে পাননি তারা।

তারা আরও জানান, থানা পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষের পর গত ২৪ অক্টোবর মামলাটির তদন্তের দায়িত্ব কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। তবে তদন্তের দায়িত্ব পরিবর্তন হলেও এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এদিকে মানববন্ধন শুরুর প্রায় এক ঘণ্টা পর ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান একাধিক পুলিশ কর্মকর্তা ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং জানান, থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা মামলাটি নিয়ে কাজ করছে। আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন নিহত রোকনের বাবা ছাত্তার মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নয়ন মিয়া, জেলা ছাত্রদল নেতা রবিন মিয়া ও মাওলানা আজিজ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, একজন প্রবাসীকে হত্যার পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা দ্রুত হত্যার রহস্য উদ্‌ঘাটন, জড়িতদের আইনের আওতায় আনা এবং নিহত রোকনের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!